🔎 নিউজ অথেন্টিক নির্ভযোগ্য সত্য সংবাদ
সোমবার ০১, জুন ২০২৬

সোমবার ০১, জুন ২০২৬ -- : -- --

জনাব তারেক রহমানের উদ্দেশ্য ডাঃ তাসনিম জারার কিছু মূল্যবান কথা:-

নিউজ অথেন্টিক ডেস্ক

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ এএম

ছবি: সংগৃহীত

জনাব তারেক রহমানের উদ্দেশ্য ডাঃ তাসনিম জারার কিছু মূল্যবান কথা:-

আপনার মায়ের জানাজায় যে মানুষের ঢল নেমেছিল, বাংলাদেশের ইতিহাসে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে। কোনো অর্থের বিনিময়ে মানুষকে আনা হয়নি, বাস-ট্রেনের ব্যবস্থা করে ভাড়া করা হয়নি, কাউকে খাবার বা পানির প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তবুও মানুষ মাইলের পর মাইল হেঁটে এসেছে, কষ্ট সহ্য করেছে, জায়গার সংকট ছিল—তবুও কোনো অভিযোগ শোনা যায়নি। এমন নিঃশব্দ ভালোবাসা ও শ্রদ্ধা কেবল হৃদয়ের টান থেকেই জন্ম নেয়। এটি প্রমাণ করে, ভালোবাসা কখনো কেনা যায় না—ভালোবাসা অর্জন করতে হয়।

আপনি লন্ডন থেকে ফিরে যে জনসভাগুলো করেছেন, কিংবা এখন যেগুলো করছেন, সেখানে মানুষ আসে বিশ্বাস থেকে, ভালোবাসা থেকে, আশা থেকে। এত বিপুল সংখ্যক মানুষকে টাকা দিয়ে আনা বাস্তবসম্মত নয়। অন্য অনেক দলের সভায় যে ভিড় দেখা যায়, তা প্রায়ই সংগঠিত নির্দেশনা, পরিবহন ও প্রস্তুতির ফল। কিন্তু আপনার দলের একটি ভিন্নতা আছে—আপনার জনসভায় সাধারণত সেই এলাকার মানুষই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়। তবুও আশ্চর্যজনকভাবে, একটি জেলার সভাতেই অন্যদের সারা দেশের সমাবেশের চেয়েও বেশি মানুষের উপস্থিতি দেখা যায়। এখানেই পার্থক্যটা স্পষ্ট।

আরও একটি বিষয় গভীরভাবে ভাবার মতো। দেশের একজন সাধারণ মানুষকে যদি আপনার দলের দশজন নেতার নাম জানতে চাওয়া হয়, তিনি বলতে পারবেন। কিন্তু অন্য দলের পাঁচজন নেতার নাম জানতে চাইলে অনেক সময়ই তিনি দ্বিধায় পড়বেন। এই পরিচিতি আসে দীর্ঘদিনের সম্পর্ক, ত্যাগ আর মানুষের সঙ্গে থাকার কারণে—বিজ্ঞাপনের কারণে নয়।

এই প্রেক্ষাপটে একটি বিনীত প্রশ্ন উঠে আসে—আপনার বক্তৃতায় কেন অন্য দলের সমালোচনা জায়গা পায়? এতে ক্ষতি তাদের নয়, বরং অজান্তেই আপনি তাদের পরিচিত করে দিচ্ছেন। বড় একটি মঞ্চে নিজেদের কথা না বলে অন্যদের আলোচনা করা মানে, তাদের বিনা মূল্যে প্রচার করে দেওয়া। যা তারা নিজেরা করতে গেলে হয়তো মাসের পর মাস সময় লাগত।

আপনার অবস্থান ও মর্যাদা অনেক উঁচুতে। আপনার মুখ থেকে এমন কথা শোনার প্রত্যাশা মানুষ করে, যা অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে—কলেজ, বিশ্ববিদ্যালয়ে মোটিভেশনাল স্পিচ হিসেবে আলোচনা হবে। খুব বড় ভাষণ দরকার নেই, অন্যের দোষ ধরার প্রয়োজন নেই। আপনি আপনার স্বপ্নের কথা বলুন, আপনার মায়ের সংগ্রামের দিনগুলোর কথা বলুন, আপনার নিজের কষ্টের গল্প বলুন, আপনার ভাইয়ের লড়াইয়ের কথা বলুন, আপনার বাবার জীবনদর্শনের কথা বলুন। এসব কথা শুনে মানুষ আবেগে ভিজে বাড়ি ফিরবে।

মানুষকে খুব বড় স্বপ্ন দেখানোর দরকার নেই। ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা দিন—আর তার সঙ্গে দিন বড় ভালোবাসা। দলের অন্যরা সমালোচনা করতেই পারে, কথা বলতেই পারে। কিন্তু আপনার কণ্ঠে অপ্রয়োজনীয় সমালোচনা মানায় না। আপনার প্রতিটি শব্দ, প্রতিটি মুহূর্ত মানুষের কাছে মূল্যবান।

আপনার বলার মতো অনেক কথা আছে স্যার। অন্যদের বিজ্ঞাপন করার জন্য নয়—নিজের গল্প, নিজের দর্শন, নিজের বিশ্বাস তুলে ধরার জন্য। কাউকে অনুসরণ করার প্রয়োজন নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তৃতা আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাষণগুলো অনুসরণ করলেই আপনি এমন এক উচ্চতায় পৌঁছাবেন, যেখানে আপনাকে আর কারও সঙ্গে তুলনা করতে হবে না।

আপনার কাছ থেকে আমরা সেই সৌন্দর্য, সেই গভীরতা, সেই স্মরণীয় মুহূর্তগুলোরই অপেক্ষায় আছি।

- ডাঃ তাসনিম জারা ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী।

Link copied!
ভারপ্রাপ্ত সম্পাদকঃ ফরহাদ আহমেদ জনি। প্রকাশনাঃ মজিদা খাতুন। 🏠 গ্রীন রোড, কলাবাগান, ধানমন্ডি, ঢাকা -১২০৫।